নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক বাস কাউন্টার চালক ও তার ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। আজ শিমুলতলা এলাকায় অবস্থিত ‘মা-বাবার দোয়া’ বাস কাউন্টারে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত কাউন্টার চালকের নাম সোহেল মাঝি (৪০)। তিনি নলছিটির উত্তর জুরকাঠী এলাকার (৬ নং ওয়ার্ড) সোহরাব মাঝির ছেলে। এ ঘটনায় তার ছেলে সিফাত মাঝিও (১৮) আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় শেখেরকাঠী এলাকার (৭নং ওয়ার্ড) জাকির হাওলাদারের ছেলে রেজা হাওলাদার (২০), ফারুক হাওলাদারের ছেলে রাব্বী হাওলাদার (১৯), ভরতকাঠীর আলতাফ হাওলাদারের ছেলে তপু ও জুরকাঠীর মাসুদ হাওলাদারের ছেলে জয়সহ প্রায় ১৬/১৭ জন অজ্ঞাতপরিচয় যুবক শিমুলতলাস্থ ‘মা-বাবার দোয়া’ বাস কাউন্টারে আসে। তারা সেখানে এসে কাউন্টার চালক সোহেল মাঝির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
সোহেল মাঝি এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও চাকু নিয়ে সোহেল মাঝির ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত ও গুরুতর জখম করে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে সিফাত মাঝির ওপরও হামলা চালানো হয় এবং তিনি আহত হন।
হামলার পর তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সোহেল মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।
সর্বশেষ :
চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- ৪০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ









