নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: “সাফল্যের অর্ধযুগ : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠির নলছিটিতে উদযাপিত হয়েছে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে সংগঠনটি গৌরবময় সপ্তম বছরে পদার্পণ করল।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু।
প্রধান অতিথির বক্তব্যে প্রতীক কুমার কুণ্ডু তারুণ্যের নলছিটি যুব সংগঠনের জাতীয় পর্যায়ে অর্জিত গৌরবময় সাফল্যের জন্য সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভবিষ্যতে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না এবং ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত ফকির।
বিশেষ অতিথির বক্তব্যে নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সমাজের কল্যাণে আরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে নলছিটির বিভিন্ন সমমনা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তারুণ্যের নলছিটিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও ফুলের শুভেচ্ছা জানান। বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করে একটি সমৃদ্ধ নলছিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় সংগঠনের দীর্ঘ ছয় বছরের পথচলা, অর্জন, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের প্রয়াত উপদেষ্টা শরীফ ওসমান হাদী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ও কো-কনভেনর মুহিব বিল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী। সবশেষে সমাপনী বক্তব্য দেন তারুণ্যের নলছিটি যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর একঝাঁক তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নলছিটির যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত রাখতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের গণ্ডি পেরিয়ে জাতীয় পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সংগঠনটি।
সর্বশেষ :
সাফল্যের অর্ধযুগ পেরিয়ে ৭ম বছরে ‘তারুণ্যের নলছিটি’, জাতীয় পর্যায়ের অর্জনে অভিনন্দন
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ৫১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















