নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন।
আজ (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলছিটির সুগন্ধা নদীতে ইলিশ মাছ আহরণ বন্ধে এই বিশেষ অভিযান শুরু হয়। দীর্ঘক্ষণ অভিযান পরিচালনার একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে স্পিডবোটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নদীর তীরে থাকা একটি ইটভাটায় উঠে যায়। তীব্র গতির কারণে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা সবাই গুরুতর আঘাত পান।
দুর্ঘটনায় আহতরা হলেন— নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ড, রেড ক্রিসেন্টের ২ জন সদস্য, ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের ২ জন সদস্য এবং ২ জন আনসার সদস্যসহ মোট ৮ জন।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। মা ইলিশ রক্ষায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা: ইউএনওসহ আহত ৮।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- ৭০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










