নলছিটি প্রতিনিধি,
১২ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা প্রতীক) ভোটকেন্দ্র পরিদর্শন করে এ পরিবেশের প্রশংসা করেছেন।
বেলা ১১টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, “ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আশা করছি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।”
প্রার্থী আরও জানান, ভোটারদের উপস্থিতি ও আগ্রহ সন্তোষজনক। বিশেষ করে নারী এবং তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে বিজয়ী হবে।”
এস এম নেয়ামুল করিম তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, “আধুনিক ঝালকাঠি গড়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, একটি সন্তোষজনক নির্বাচনের মধ্য দিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে তা নিশ্চিত করা যাবে।”
তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “নলছিটি শহীদ ওসমান হাদির স্মৃতিবিজড়িত স্থান। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজ এগিয়ে এসেছে। ওসমান হাদির পক্ষে এদেশের তরুণ সমাজ জেগে উঠেছে। আজ লক্ষ লক্ষ হাদি জন্ম নিয়েছে। সন্তোষজনক ফলাফলের লক্ষ্যে তারা মাঠে রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে শহীদ ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।”
উল্লেখ্য, এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৫ হাজার। নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ থাকায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। প্রার্থী নেয়ামুল করিমের এই আশাবাদী বক্তব্য ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ :
শান্তিপূর্ণ পরিবেশে ঝালকাঠি-২ আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে: জামায়াত প্রার্থী এস এম নেয়ামুল করিমের আশাবাদ ব্যক্ত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ













