ঢাকা প্রতিনিধি, ৩০ এপ্রিল:
প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লাভের পর ডা. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়। এ সময় মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। বিশেষ করে গ্রামাঞ্চল ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে, যাতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর ঘটানো হবে। ডিজিটাল স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার এবং দক্ষ চিকিৎসক-নার্স নিয়োগের মাধ্যমে একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ডা. জিয়াউদ্দিন হায়দারের নতুন দায়িত্বে সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে।
সর্বশেষ :
চিকিৎসাকেন্দ্রিক থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব: ডা. জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- ৪৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










