প্রতিবেদক, ঝালকাঠি :
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি এলাকায় অটোরিকশায় ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে এক চালককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চালক ফরহাদ হোসেন জনির স্ত্রী মোসা. আয়সা বেগম ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন।
জিডির আবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফরহাদ হোসেন জনি আগড়বাড়ি বাজার থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে আগড়বাড়ি বাজারসংলগ্ন সড়কে পৌঁছালে একই এলাকার জাহিদ নামে অপর এক অটোরিকশা চালক পেছন থেকে তার গাড়িতে সজোরে ধাক্কা দেন।
ধাক্কার কারণ জানতে চাইলে জাহিদ ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেন জনির ওপর হামলা চালান। তিনি কিল-ঘুষি মেরে তাকে বেধড়ক মারধর করেন। এতে ফরহাদের ডান চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
অভিযোগে আরও বলা হয়, মারধরের সময় জাহিদ ফরহাদ হোসেন জনিকে হত্যার হুমকি দেন এবং ভবিষ্যতে সড়কে অটো চালাতে না দেওয়ারও হুমকি দেন।
জিডিতে সাক্ষী হিসেবে ফরহাদ হোসেন জনি নিজে এবং কাওসারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে জানানো হয়।
ভুক্তভোগীর স্ত্রী মোসা. আয়সা বেগম অভিযুক্ত জাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানায় জিডি গ্রহণের আবেদন করেছেন।
অভিযুক্ত জাহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। থানা সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ :
ঝালকাঠিতে অটোরিকশায় পেছন থেকে ধাক্কা, চালককে মারধর ও হত্যার হুমকি
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- ২৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















