নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের মাটি ভরাটের প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন অভিযোগকারীর কাছে ঘুষের টাকা ফেরত দিয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকালে নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ঘুষ হিসেবে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন পিআইও আওলাদ হোসেন। অভিযোগকারী অলিউল ইসলাম জানান, অভিযোগ দায়েরের পর পিআইও নিজের ভুল স্বীকার করে টাকা ফেরত দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ছিল, কাজের বিপরীতে অতিরিক্ত খরচের অজুহাতে পিআইও আওলাদ হোসেন ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অলিউল ইসলাম। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন।
এ বিষয়ে পিআইও আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ধরনের ঘটনা স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলেছে। জেলা প্রশাসনের তদন্তের ফলাফলের দিকে স্থানীয়রা তাকিয়ে রয়েছেন।
সর্বশেষ :
ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের অভিযোগের পর পিআইও টাকা ফেরত দিলেন।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৩২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










