ঝালকাঠি প্রতিনিধি:
শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার উদ্দেশ্য কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষার মাধ্যমে কতটা দক্ষতা অর্জন করা গেল, সেটিই গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার বিষয়ে সরকার কাজ করছে, যাতে শিক্ষাজীবন শেষ করে কাউকে বেকার বসে থাকতে না হয়।”
জ্ঞান অর্জনের পরিধি বাড়াতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পড়ার ও চিন্তার জগৎকে প্রসারিত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। একই সাথে মাদককে ‘না’ বলে মাদকমুক্ত সমাজ গঠনে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজেদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং সবার অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ঝালকাঠি গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, “বড়দের শ্রদ্ধা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, ভালো মানুষ হতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই দেশের মানুষের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে ভাবছেন। শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি বলেন, কলেজের জন্য স্কুলবাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে এবং ইনডোর গেমসের উদ্যোগ নেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
সর্বশেষ :
ঝালকাঠি সরকারি কলেজে নবীনবরণ: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ১৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ









