নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো উপজেলার দপদপিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি দোকান পরিদর্শন করেছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের মালামালসহ প্রায় সবকিছু নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে এমপি ইলেন ভুট্টো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। তিনি তাদের দুর্ভোগের কথা শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
এ সময় সংসদ সদস্য বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলব এবং যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করব।”
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে।
সর্বশেষ :
নলছিটিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৬ দোকান পরিদর্শনে এমপি, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ৩২ পঠিত
ট্যাগ :










