নলছিটি প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠীর নলছিটি উপজেলায় অসহায় ও নিম্নআয়ের দেড় শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলকাঠি ইউনিয়ন শাখা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন হাজী বাড়িতে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে পূর্বনির্ধারিত তালিকা অনুসারে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছোলা, মুড়ি, খেজুর, চিনি, ডাল এবং সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। এছাড়া কুলকাঠি ইউনিয়ন জামায়াতের সভাপতি রিয়াজুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, কর্মী রিয়াজ, কালাম আকন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির আহমেদ এবং কুলকাঠি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বশিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমজান মাস সংযম, ত্যাগ এবং সহমর্মিতার মাস। সমাজের সচ্ছল ব্যক্তিদের উচিত কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো। এই উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেই গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
উপকারভোগী পরিবারগুলো জানান, বর্তমান বাজারদরের চাপে রমজানে ইফতার সামগ্রী সংগ্রহ করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং রোজা পালনে সহজতর করেছে।
এই ধরনের মানবিক কার্যক্রম রমজানের চেতনাকে আরও বেশি ছড়িয়ে দিতে সহায়ক বলে মনে করছেন স্থানীয়রা। জামায়াতে ইসলামীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ :
নলছিটিতে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














