নলছিটি প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারি ২০২৬:
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠী সদর-নলছিটি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “আমাদের মাতৃভাষা বাংলা আমাদের পরিচয়, গর্ব ও শক্তির উৎস। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষাকে আমরা সর্বদা সমুন্নত রাখবো এবং নতুন প্রজন্মের মধ্যে এর চেতনা ছড়িয়ে দেবো।”
সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হাবিব। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে বলেন, “একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিবস নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই চেতনাকে জাগরিত রাখতে সকল স্তরে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সভাপতি মোঃ জুবায়ের হাবিব।
উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ :
নলছিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- ৩৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














