জেলা প্রতিনিধি-
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে তুলাতুলির খাল (৩.৪১ কিলোমিটার) পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আংগারিয়া এলাকার তুলাতুলি স্থানে ফলক উন্মোচনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট শাহাদাৎ হোসেন। এছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে দ্রুত ও সময়মতো পানি নিষ্কাশন নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। এতে ফসলের ক্ষতি রোধের পাশাপাশি অধিক জমি চাষের আওতায় আসবে এবং স্থানীয় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি খাল দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, খাল দখলদারদের বয়কট করতে হবে। শুধু ‘শেভ’ নয়, প্রকৃত খননের মাধ্যমে তদারকি নিশ্চিত করা হবে। প্রভাবশালীদের কাছ থেকে দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগকে স্থানীয় উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে আশাবাদ ব্যক্ত করেন যে, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে রাজাপুর উপজেলাসহ পুরো এলাকার জনগণের জীবনমান উন্নত হবে।
এই খাল খনন প্রকল্প সরকারের নদী-নালা-খাল-জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ, যা দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ :
রাজাপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- ২৯ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














