নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পবিত্র সিরাতুন নবী (সা.) উপলক্ষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, নৈতিকতা, মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সমাজের কল্যাণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নবীজি (সা.)-এর আদর্শকে ধারণ করে তরুণরা এগিয়ে এলে একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলী আকবার (জসিম), ইমাম ও খতিব, বায়তুল আমান জামে মসজিদ; মাওলানা রেজাউল করিম, প্রধান শিক্ষক, মারকাজুল উলুম নুরানী মাদ্রাসা, প্রেমহার এবং মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, ইমাম ও খতিব, বায়তুল মোকাররম জামে মসজিদ, প্রেমহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তুহিন আহমেদ (সাদ্দাম)।
পশ্চিম প্রেমহার যুব সংগঠন দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে কাজ করে আসছে। সংগঠনের সভাপতি মোঃ তুহিন আহমেদ (সাদ্দাম) ও সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদের নেতৃত্বে সংগঠনটি ইতিবাচক সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ বলেন, “নবীজি (সা.)-এর আদর্শ আমাদের জীবনের পথনির্দেশনা। তাঁর শিক্ষা হৃদয়ে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সকলের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টার 














