ঝালকাঠি প্রতিনিধি, প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬।
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাচারি বাড়ি এলাকায় মোটরসাইকেল ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালকের সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষের পর চালকের পা গুরুতরভাবে জখম হয় এবং তা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহত চালককে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর তেলবাহী লরির চালক গাড়ি রেখে পালিয়ে যান। লরিটির নম্বর বরিশাল মেট্রো-ড ৪১-০০২৮। বর্তমানে মোটরসাইকেল ও লরি দুটি স্থানীয় দফাদার মামুনের জিম্মায় রয়েছে।
দুর্ঘটনার কারণে সড়কের যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং পলাতক লরি চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আহত চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রিপোর্টার 













