নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করা হয়।
১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রতীক কুমার কুন্ডু। আরো উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, যুবদল নেতা জিয়াউল কবির মিঠু ও হাসিবুল হাসান সবুজ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন যুব-বান্ধব কর্মসূচির কথাও আলোচনায় তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সাথে আত্মকর্মসংস্থান ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ৩২ পঠিত
ট্যাগ :














