নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ নম্বর কুশঙ্গল নিকাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়শা আক্তার শান্তার বিরুদ্ধে চিকিৎসাজনিত ছুটি নিয়ে বিদেশে যাওয়ার অভিযোগ উঠেছে। ছুটির আবেদনপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার জন্য ছুটি চেয়েছেন, কিন্তু বিদেশে যাওয়ার কোনো উল্লেখ নেই।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনের অবসরের পর সেখানে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। সহকারী শিক্ষক শায়লা আমিন গত ৩০ মার্চ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এরপর আয়শা আক্তার শান্তা দুই মাসের চিকিৎসাজনিত ছুটি নিয়ে কর্মস্থল থেকে অনুপস্থিত হন। স্থানীয়দের দাবি, ছুটি চলাকালে তিনি স্বামীর কাছে বিদেশে অবস্থান করছেন।
ফলে বর্তমানে বিদ্যালয়টি চলছে মাত্র দুই শিক্ষকের ওপর—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস এবং একজন সহকারী শিক্ষক। দুইজন শিক্ষক দিয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ চালাতে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাসিক সভা বা উপজেলা পর্যায়ের কাজে বাইরে যেতে হলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হয়।
১৬ জুন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া ছুটির আবেদনে আয়শা আক্তার শান্তা উল্লেখ করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৬ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি ভোগের অনুমতি চান তিনি। আবেদনে আরও বলা হয়, কর্মস্থল থেকে বাড়ির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় শারীরিক অবস্থার কারণে নিয়মিত দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কষ্টসাধ্য।
তবে স্থানীয়দের অভিযোগ, ছুটি চলাকালে তিনি বিদেশে রয়েছেন। চিকিৎসা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস বলেন, “ছুটির আবেদন অনুযায়ী তাঁকে ছুটি দেওয়া হয়েছে। লোকমুখে শুনেছি, তিনি স্বামীর কাছে বিদেশে গেছেন। এ বিষয়ে তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।”
নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “বিষয়টি যাচাই করে দেখা হবে। ছুটির আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে আয়শা আক্তার শান্তার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সর্বশেষ :
চিকিৎসা ছুটির আড়ালে বিদেশে স্বামীর কাছে, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ভেঙে পড়েছে
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- ৭৩ পঠিত
ট্যাগ :









