মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার প্রধান সড়কগুলোতে ধান মাড়াইয়ের খড়কুটো ও ধান বিছিয়ে শুকানোর কারণে সড়ক যোগাযোগ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নলছিটি থেকে বিভিন্ন ইউনিয়নে যাওয়ার প্রধান সড়কগুলোতে এই সমস্যা তীব্র। এমনকি বিভিন্ন স্কুলগামী রাস্তা ও ব্রীজ ধান শুকানোর জন্য ব্যবহৃত হচ্ছে। বিগত কয়েকদিনে একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা। বাধাগ্রস্হ হচ্ছে স্কুলগামী ছাত্র ছাত্রীর চলাচল।
স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়ার পর অবশিষ্ট খড়কুটো সড়কের উপর ফেলে রাখা হচ্ছে। পাশাপাশি ধান শুকানোর জন্যও রাস্তা ব্যবহার করা হচ্ছে। বৃষ্টির পানিতে খড়কুটো ভিজে পচে গিয়ে সড়ক অত্যন্ত পিচ্ছিল হয়ে যাচ্ছে। ফলে ছোট যানবাহনের চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন।
গত কয়েকদিন আগে একটি মারাত্মক দুর্ঘটনায় একজন চালক গুরুতর আহত হন। তার পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই এ ধরনের ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, তবে অনেকেই চিকিৎসা নিয়ে চুপচাপ থেকে যান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তায় ধান-খড় বিছিয়ে রাখা মানে মৃত্যুর ফাঁদ পাতা। বৃষ্টি হলেই সড়ক সাবানের মতো পিছলে যায়। ইজিবাইক-মোটরসাইকেল তো যায়ই, এমনকি সাইকেল চালাতেও ভয় লাগে।”
নলছিটি উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, কৃষকদের ধান শুকানোর জন্য বিকল্প জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত এবং সড়ক থেকে খড়কুটো অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। আপনার মাধ্যমেই প্রথম জানতে পারলাম। আমরা জনগনের দূর্দশা লাগবের জন্য যথাযথ ব্যবস্হা গ্রহন করবো।” নলছিটিবাসীর প্রত্যাশা, দ্রুত এই সমস্যার সমাধান হবে যাতে আর কোনো প্রাণঘাতী দুর্ঘটনা না ঘটে।
সর্বশেষ :
নলছিটিতে ধান-খড়ের কারণে সড়কে প্রাণঘাতী ঝুঁকি: বৃষ্টিতে পিচ্ছিল হয়ে বাড়ছে দুর্ঘটনা।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- ৮১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ










