স্টাফ রিপোর্টারঃ অর্থ পাচার, বিদেশে অবৈধ সম্পদ গড়ে তোলা, ভ্যাট ফাঁকি ও সরকারি রেয়াতের অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় কোম্পানির চেয়ারম্যান জুলিয়া রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান ও পরিচালক রিফাত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ পাচার ও বিদেশে সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। একইসঙ্গে ভ্যাট ফাঁকি ও সরকার থেকে অতিরিক্ত রেয়াত সুবিধা নেওয়ার অভিযোগে ভ্যাট অডিট করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরও বিষয়টি আমলে নিয়েছে।
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ব্যাংক ঋণের বড় অঙ্কের বকেয়া, বিদ্যুৎ বিল বকেয়া, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়াসহ নানা আর্থিক দায় রয়েছে। অভিযোগ রয়েছে, ডিলার ও রিটেইলারদের কাছ থেকে অতিরিক্ত কমিশনের নামে অগ্রিম টাকা নিয়ে সিমেন্ট সরবরাহ না করা এবং পাওনাদারদের টাকা না দেওয়ার কারণে চাপ বেড়েছে। এসব চাপ সামলাতে না পেরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তিন কর্ণধার বিদেশে পালানোর পরিকল্পনা করছেন।
সূত্র আরও জানায়, জুলিয়া রহমান, আনিকা রহমান ও রিফাতের দুবাই, যুক্তরাষ্ট্র ও লন্ডনে বাড়ি, গাড়ি, মার্কেট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে দুবাইয়ে তাদের স্বর্ণের দোকানও আছে। তারা এই তিন দেশের যেকোনো একটিতে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “দীর্ঘদিন ধরে অনিয়ম ও আর্থিক সংকট চলছে। এখন দুদক ও অন্যান্য সংস্থার তদন্ত শুরু হওয়ায় কর্তৃপক্ষ চাপে পড়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে পালানোর চেষ্টা করছে। শ্রমিক-কর্মচারী ও ডিলাররা চরম বিপাকে পড়েছেন।”
দুদক ও এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোম্পানির বকেয়া ঋণ ও পাওনাদারদের টাকা আদায়ে ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তৎপর হয়েছে।
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কর্ণধারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সর্বশেষ :
বিদেশে অর্থ পাচার ও সম্পদ গড়ার অভিযোগে অলিম্পিক সিমেন্টের চেয়ারম্যান জুলিয়া রহমানসহ তিনজনের বিদেশ পালানোর চেষ্টা।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- ৮৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















