ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সেতু বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৪ জুন) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।
পরিদর্শনের আগে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) বিভাগের উপ-পরিচালক মো. নুর ইয়াসিনের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশ নেন। সভা শেষে তারা সুগন্ধা নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংসদ জীবা আমীনা আল গাজীর পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটিসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ ও দ্রুত হবে। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু নির্মাণের মাধ্যমে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
সর্বশেষ :
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের পথ খুলছে, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ৮২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















