প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৩০
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক তরুণ এরফান সোলতানিকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে ১০ মিনিট সময় দেওয়া হয়। আজ বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এর আগে তাঁকে এ সময় দেওয়া হয় বলে একটি প্রতিবেদন থেকে জানা গেছে।
২৬ বছর বয়সী এরফান সোলতানিকে ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। ইরানি সংবাদমাধ্যম ইরানওয়্যার জানিয়েছে, গ্রেপ্তারের পর এরফানকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য খুব অল্প সময় দেওয়া হয়। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা স্বজনদের জানান, এটিই হবে তাঁর সঙ্গে তাঁদের শেষ দেখা। এরপরই তাঁকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলেছে, আটক বিক্ষোভকারীদের মধ্যে এরফানই প্রথম ব্যক্তি; যাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলেছে, আটক বিক্ষোভকারীদের মধ্যে এরফানই প্রথম ব্যক্তি; যাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি অভিযোগ করেছে, তাঁকে কোনো ধরনের আইনজীবী বা আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হয়নি। এমনকি কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান সরকার।
এরফানের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র ইরানওয়্যারকে বলেছে, ‘এক নিকটাত্মীয় আইনজীবী এরফানের পক্ষে মামলায় লড়তে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে বাধা ও হুমকি দেন।’
সূত্রের দাবি, ‘নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে (আইনজীবীকে) সাফ জানিয়ে দেন যে পর্যালোচনার মতো কোনো নথি এখানে নেই। আমরা আগেই ঘোষণা করেছি, বিক্ষোভ থেকে যাঁদের গ্রেপ্তার করা হবে, তাঁদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হবে।’
রিপোর্টার 


















