ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬:
প্রবল বর্ষণে হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদে বুধবার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এটি খুবই উদ্বেগের বিষয়। আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই সিলেটের তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকার স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলাম।”
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ সকালেও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যেসব কৃষকের ধানসহ ফসল নষ্ট হয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে সরকার তিন মাসব্যাপী সহায়তা প্রদান করবে।”
হাওরাঞ্চলে এবারের অসময়ের ভারী বৃষ্টিতে বোরো ধান কাটার মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে পাকা ধানের খেত। কৃষকেরা মাঠে নেমে যুদ্ধ করে ধান বাঁচানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ ঘোষণায় হাওরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় কৃষক নেতারা বলছেন, এ সময়ে সরকারি সহায়তা পেলে অনেকটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে খাদ্য, বীজ, সারসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের জন্য এ সহায়তা যথাসময়ে বাস্তবায়ন করা গেলে হাওরের কৃষি অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ :
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার: তিন মাস সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- ৪৪ পঠিত
ট্যাগ :














