নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (৬ সেপ্টেম্বর, ২০২০) দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র ঘরের ভেতরের ড্রয়ার থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির আগে চোরচক্র ঘরের ভেতরে থাকা এক তরুণীকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা মো. মজিবুর রহমান সবুজ (৫২) তার পরিবার নিয়ে টিনশেড বসত ঘরে বসবাস করেন। গত ৬ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা আনুমানিক ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে মজিবুর রহমানের মেয়ে মোসা. মিসকাতুল মারিয়া (১৬) পানি পান করার জন্য ঘুম থেকে উঠলে ঘরে ওত পেতে থাকা চোরচক্র আচমকা তার নাকে-মুখে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করে ফেলে।পরবর্তীতে চোরেরা ঘরে থাকা আলমারি ও ড্রয়ার ভেঙে মালামাল লুট করে। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র মেয়ে মারিয়ার গলা থেকে ০৮ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা), ০৪ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা), ০২ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা) এবং নগদ ২৬,০০০ টাকা চুরি করে সামনের দরজা খুলে পালিয়ে যায়। পরদিন সোমবার ভোর আনুমানিক ৫:০০টার দিকে মজিবুর রহমান ফযরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে ঘরের মালামাল এলোমেলো এবং তার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। ঘরের সামনের দরজাও খোলা ছিল। তাৎক্ষণিক তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে প্রতিবেশীদের সহায়তায় অচেতন মারিয়াকে দ্রুত চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হওয়ার পর সে ইশারা-ইঙ্গিতে ঘটনার বিবরণ দেয়। ধারণা করা হচ্ছে, চোরচক্রটি ঘটনার আগেই কোনো উপায়ে ঘরের ভেতরে লুকিয়ে ছিল। এ ঘটনায় ভুক্তভোগী মো. মজিবুর রহমান সবুজ বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সর্বশেষ :
নলছিটিতে ঘরে ঢুকে মেয়েকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১১৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














