নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ০৯:০০ ঘটিকায় সারা দেশের সাথে মিল রেখে নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী এই বিশেষ অভিযানের মূল উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
নলছিটি উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
সভায় উপস্থিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শুধু সরকারি স্প্রে বা লার্ভানাশক ছিটানোর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুযায়ী, আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কার্যক্রম এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের অভিযান অব্যাহত থাকবে।
সভায় নলছিটি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
নলছিটিতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- ১০২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














