ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি ডিসি অফিসের সামনে কোর্ট রোডস্থ সিকদার কম্পিউটারের পাশে জুলাই হত্যা মামলার অন্যতম আসামী ও কুখ্যাত প্রতারক মোল্লা শাওনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত বশির আলম খলিফা ওরফে বাইট্টা বশিরের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, প্রত্যন্ত গ্রাম থেকে ডিসি অফিস ও আদালত এলাকায় আসা অসহায় ও সরল মানুষদের ফাঁদে ফেলার জন্য দুই-তিনজন মিলে ডিসি অফিসের আশপাশে ওত পেতে দাঁড়িয়ে থাকে। সুযোগ বুঝে তাদের অফিসে ডেকে নিয়ে মামলায় সহায়তা বা ডিসি অফিসের কাজ করার কথা বলে কাগজপত্র দেখার অজুহাতে জালে আটকে ফেলে। নানা কৌশলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
ঢাকার শাহবাগ থানায় গত ২৫ জুলাই ২০২৬ তারিখে দায়েরকৃত জুলাই হত্যা মামলার ৩৬১ নম্বর আসামী এই বশির আলম খলিফা। ৪ জুলাই ২০২৪ তারিখে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন, ‘লক্ষ লক্ষ টাকা খেয়ে জুলাই যোদ্ধারা পালিয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শাসনামলে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তরুণ কর্মকারের প্রধান সহযোগী ছিলেন বাইট্টা বশির। তরুণ কর্মকারের সঙ্গে হোন্ডায় বিভিন্ন জায়গায় সালিশ-বিচারের নামে খোঁটবাজি করতে যেতেন তিনি। অল্প শিক্ষিত এই ব্যক্তি আওয়ামী লীগের আমলে প্রায় ১৭ বছর দাপটের সঙ্গে চাঁদাবাজি করেছেন এবং একাধিকবার মামলার শিকার হয়েছেন। জুতাপিটাসহ গণধোলাইয়ের শিকার হয়েছেন তিনি একাধিকবার।
ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা ইন্দুর কাছ থেকে ৫০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে মামলা চলমান রয়েছে। গত ১৪ জুলাই ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি রুজু হয়। সিআর মামলা নম্বর: ২৯৫/২৬ (ঝালকাঠি)।
এছাড়া ২০২০ সালে করোনাকালে ঝালকাঠির কাটপট্টি রোডে একটি মুরগির দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে গণধোলাই ও চাঁদাবাজি মামলার শিকার হয়েছিলেন তিনি। সাছিরাপুরের এক স্কুল শিক্ষকের কাছ থেকে ২৫ হাজার টাকা চাঁদা আদায়ের পর সালিশে দোষী সাব্যস্ত হলে টাকা ফেরত দিতে বাধ্য হন।
সচেতন মহল প্রশ্ন তুলেছে—এত অপকর্মের হোতা জুলাই হত্যা মামলার অন্যতম আসামী বাইট্টা বশির কীভাবে ডিসি ও এসপি অফিসের অনতিদূরে সাইনবোর্ড লাগিয়ে অফিস পেতে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছেন? তারা দ্রুত এই কুখ্যাত প্রতারক ও তার ৪-৫ জনের চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সর্বশেষ :
ঝালকাঠি ডিসি অফিসের সামনে জুলাই হত্যা মামলার আসামীর বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- ৪৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















