ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর মিনি পার্ক খেয়াঘাটে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। নিম্নমানের নির্মাণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ঘাটটি অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এই অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। সম্প্রতি ঘাট পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি সরাসরি দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ঘাটলাটি অত্যন্ত নিম্নমানের ও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এটি দ্রুত নষ্ট হয়ে গেছে, যা জনসাধারণের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে।
জনদুর্ভোগ নিরসনে জেলা পরিষদ প্রশাসক এ সমস্যার স্থায়ী সমাধানে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানিয়েছেন। প্রথমত, যাত্রীদের বিশ্রামের জন্য মানসম্মত যাত্রী ছাউনি নির্মাণসহ যাতায়াত ব্যবস্থার উন্নয়নে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দেওয়া হবে। দ্বিতীয়ত, ঝালকাঠি পৌর প্রশাসকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দ্রুত ও স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “নলছিটি ও ঝালকাঠির মানুষের সুখ-দুঃখে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থেকে কাজ করে যাব।”
তাঁর এই আশ্বাসে স্থানীয় ভুক্তভোগী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, এবার ঘাটের দুর্ভোগ দূর হয়ে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ফিরে আসবে।
সর্বশেষ :
ঝালকাঠি মিনি পার্ক খেয়াঘাটে জনদুর্ভোগে তীব্র ক্ষোভ, সমাধানে জেলা পরিষদ প্রশাসকের আশ্বাস
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- ৪৩ পঠিত
ট্যাগ :









