নলছিটি সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতু-সংলগ্ন তিন নদীর মোহনায় বহুল প্রতীক্ষিত পর্যটন কেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পর্যটন কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে ফলক উন্মোচনের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অনন্য স্থান। পরিকল্পিতভাবে এখানে একটি আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিকশিত হবে, তেমনই স্থানীয় মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।” পর্যটন কেন্দ্রটি যাতে পরিবেশবান্ধব ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ আকর্ষণীয় উপায়ে গড়ে তোলা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ঝালকাঠি জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন নদীর মোহনার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দক্ষিণ অঞ্চলে স্থানীয় পর্যটন বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা
সর্বশেষ :
দপদপিয়ায় তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডা. জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- ৪৯ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















