নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে চালককে চলন্ত অটোরিকশা থেকে ফেলে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয় জনতা। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় নলছিটি থানাধীন ১নং ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো— বরিশাল বন্দর থানার বিশারদ এলাকার মোঃ জামাল সিকদারের ছেলে মুসফিকুর রহমান দিপু এবং বাকেরগঞ্জ থানার বলইকাঠি (বর্তমানে বন্দর থানার কর্নকাঠি এলাকার বাসিন্দা) ওমর ফারুকের ছেলে মোঃ হাবিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অটোরিকশাচালক মোঃ মজিবর রহমান (৬০) ঝালকাঠির নলছিটি থানার প্রতাপ এলাকার মৃত আমজেদ আলী বেপারীর ছেলে। আজ সকালে আসামিরা ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে তার ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাটি অসৎ উদ্দেশ্যে ভাড়া করে। গাড়িটি ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে জনৈক সুধাশং মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে আসামিরা চালক মজিবর রহমানকে চলন্ত গাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী চালকের চিৎকার শুনে আশেপাশের লোক ও এলাকায় টহলরত পুলিশ তাৎক্ষণিক এগিয়ে এসে ধাওয়া করে অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে।
নলছিটি থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সর্বশেষ :
নলছিটিতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: টহল পুলিশ ও জনতার যৌথ অভিযানে দুই ছিনতাইকারী আটক
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৩৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















