নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নদী খাল বিলের মাঝে এবার ভোটের ঢেউ উঠেছে দারুন। একদিকে বিএনপি’র ইসরাত সুলতানা ইলেন ভূট্টুো ধানের শীষ প্রতীক নিয়ে গণতন্ত্র ফেরানোর স্লোগানে মাঠ কাঁপাচ্ছেন। অন্যদিকে জামাতের শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লার প্রতীকে ভোটারদের জড়িয়ে ধরে ভোট চাইছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন নদী ভাঙ্গন রোধে কাজ করার। এরই মাঝে ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী প্রতীক নিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন। এই আসনের লড়াইটা এখন শুধু আসনের নয় প্রতীক সমীকরণের। আর সেখানে প্রভাব রাখবে তরুণ ভোটাররা।
নলছিটিতে মোট ভোটার প্রায় ১ লক্ষ ৭৪ হাজার ২৯৩ জন। যার অর্ধেকের কাছাকাছি নারী ভোটার।
ওসমান হাদির জন্মভূমি হওয়ায় তার আবেগটা নির্বাচনী মাঠে কাজে লাগাতে চাচ্ছে প্রার্থীরা।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (বিএনপি) সাবেক সংসদ সদস্য তারপর প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টোর ইমেজ ও নারী শক্তিকে কাজে লাগিয়ে এবার মাঠে নেমে বলছেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষই একমাত্র পথ “। প্রতিশ্রুতি দিচ্ছেন ফ্যামিলি ও কৃষি কার্ড নিয়ে। তার প্রচারণায় নারী ও তরুণ ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অপরদিকে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের শেখ নেয়ামুল করিম গণসংযোগে ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দিয়ে বলছেন, “প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার বুঝে পাবে রাষ্ট্রের কাছ থেকে এটা তাদের অঙ্গীকার”। ইসলামী মূল্যবোধ ও স্থানীয় সমস্যা নিয়ে তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে। আরেক প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা প্রতীক নিয়ে নতুন করে আলোচনায়। স্থানীয় কিছু সমর্থকের ভিড় দেখা যাচ্ছে তার সঙ্গে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা।
অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে ফোরকান হোসেন (এনপিপি), মাসুদ পারভেজ (জেএসডি), মোঃ মাহমুদুল ইসলাম সাগর (গণআধিকার পরিষদ), মোহাম্মদ নুর উদ্দিন সরদার (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
নলছিটি (ঝালকাঠি ২) আসন এবার শুধু একটা আসন নয় এটা হবে নতুন রাজনৈতিক মেরুকরণের পরীক্ষা। ধানের শীষের প্রত্যাবর্তন আর দাঁড়িপাল্লা হাতপাখার চ্যালেঞ্জ এর উত্তর মিলবে ভোটের দিন শেষে।
রিপোর্টার 













