নলছিটি প্রতিনিধি:
আজ ঝালকাঠি-বরিশাল মহাসড়কের উপর রাস্তা পার হওয়ার সময় একটি নীল রঙের বিদ্যুতের গাড়ির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধ ভিক্ষুক ঘটনাস্থলেই মারা গেছেন। আজ বেলা ৪টা ১৫ মিনিটে নলছিটি থানাধীন ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল খালেক হাওলাদার (৭০)। তিনি ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, ঝালকাঠি থেকে আসা পল্লী বিদ্যুৎ/ওয়েস্ট পাওয়ার জোনের একটি নীল রঙের বিদ্যুতের গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল) রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে গাড়িটিকে ধাওয়া করেন। তবে বৃষ্টির কারণে গাড়িটিকে ধরতে ব্যর্থ হন। মৃতের ছেলে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
নলছিটি থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আবুল হোসেন ও এএসআই রিপন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে যানবাহনের গতি অত্যধিক থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষ করে বৃষ্টির সময় দৃষ্টিসীমা কমে যাওয়ায় পথচারীদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ :
নলছিটিতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- ৫৯ পঠিত
ট্যাগ :










