- জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার মামলায় দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেফতার করেছে র্যাব-১০। দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঝালকাঠিতে এনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই থাকতেন। তদন্তে উঠে এসেছে, রথযাত্রার দিন ভবনের বেশিরভাগ বাসিন্দা বাইরে থাকায় সুযোগ নিয়ে রিতোষ তার সহযোগী জুয়েলকে নিয়ে সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিটে দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে ঢোকেন।
দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় বিষয়টি টের পান এবং রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ার ভয়ে দুই আসামি তার মুখ চেপে ধরেন, হাত-পা বেঁধে মুখে বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধ করে হত্যা করেন।
পুলিশের ভাষ্য, ঘটনাকে সাধারণ চুরির মতো দেখাতে রিতোষ নিজের ভাড়া বাসাও এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে মনে হয়। এরপর দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।
সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে র্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে আটক করে। ইতোমধ্যে তাকে ঝালকাঠিতে নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দ্বিতীয় আসামিকে গ্রেফতারের পর তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।
সর্বশেষ :
ঝালকাঠিতে চুরির উদ্দেশ্যে গৃহবধূ হত্যা: দ্বিতীয় আসামি গ্রেফতার র্যাবের
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- ৫০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















